বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি লংগদু উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। লংগদু অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ফোরেরমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতি চাকমা এবং সাধারণ সম্পাদক পদে মাইনীমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শাহ আলম চৌধুরী বিজয়ী হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন উগলছড়ি মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক।
প্রধান শিক্ষক সমিতির মোট ৫৫ ভোটের মধ্যে সভাপতি পদে বিজয়ী সুনীতি চাকমা ছাতা প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বড় কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি স্বর্ণকান্তি চাকমা চেয়ার প্রতীকে পেয়েছেন ২১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী মীর শাহ আলম চৌধুরী পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৩১ ভোট। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সাবেক সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী তিন বছরের জন্য প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।