লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে কাঠ ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ‘লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি.’ এর ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনাতয়নে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের মোট নয় সদস্যের মধ্যে পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া সাধারণ সদস্যদের চারটি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় সকলে নির্বাচিত হয়েছে।
যে পাঁচটি পদের জন্য ভোট গ্রহন সম্পন্ন হয়েছে তাতে বিজয়ী হয়েছেন সভাপতি পদে মো. শাহনেওয়াজ। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আজগর আলী ছাতা প্রতীকে পেয়েছেন ৩২ ভোট। অপর প্রার্থী সাদেক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. নুর সাইদ। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মো. বাচ্চু মিয়া আম প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী নজরুল ইসলাম ও রহমত উল্লাহ সমান সংখ্যক ভোট পাওয়ায় এই পদে আবারো নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিয়াকত আলী জসিম বাইসাইকেল প্রতীকে ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আল মামুন মোরগ প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন বশির আহাম্মেদ। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ ফরিদ তালাচাবি প্রতীকে পেয়েছেন ২৭ ভোট এবং অপর প্রার্থী নাছির উদ্দিন ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।
এছাড়াও বিনাভোটে নির্বাচিত সদস্যরা হলেন মো. মানিক, মন্তাজ উদ্দিন, নাছির হোসেন ও মো. হানিফ। নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঝন্টু কুমার চৌধুরী, তোফায়েল আহাম্মেদ বাবুল ও মো. নুরুল ইসলাম।
