আরমান খান, লংগদু ॥
কোভিড-১৯ মহামারীর প্রভাবে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর সম্প্রতি তা খুলে দিয়েছে সরকার। দীর্ঘ সময় বিরতির পর আবারো নিজেদের ক্যাম্পাসে এসে উৎফুল্ল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাঙ্গন। ছন্দ ফিরে পাওয়া রাঙামাটির লংগদু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন।
বুধবার সকাল থেকে দুপুর অবধি লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, মাইনীমূখ মডেল হাই স্কুল ও মাইনীমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও মাইনুল আবেদীন। পরিদর্শনকালে ইউএনও মাইনুল আবেদীন বলেন, করোনা মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত দেড় বছর বন্ধ ছিল। যেহেতু সংক্রমণ ক্রমান্বয়ে কমে এসেছে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। শিক্ষার্থীরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্যানিটাইজ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছে তা খুবই সন্তোষজনক।
এদিকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠ গ্রহণ করতে দেখা গেছে। শিক্ষকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে সরকারের সকল নির্দেশনা অনুসরণ করেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি কলেজ ও হাইস্কুলগুলোতে আইসোলেশন কক্ষ তৈরি করা হয়েছে।
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক খলিলুর রহমান বলেন, রবিবার থেকে স্কুল শুরু হয়েছে। অনলাইনে শিক্ষার্থীদের ক্লাশ রুটিন জেনে নিয়েছি। স্কুলের পরিবেশ সন্তোষজনক।
লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, সরকারের সকল নির্দেশনা অনুসরণ করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি একটি আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত হোসেন প্রমূখ।
