রাঙামাটির লংগদুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য জমি নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সদরের কাছে ভাইট্টাপাড়া মাদরাসা সংলগ্ন সরকারি খাস জমিতে সোমবার সাইনবোর্ড লাগিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। এর আগে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব জমিতে কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করলেও জায়গাটি গভীর খাদ হওয়ায় তা সম্ভব হয়নি। এরপর জায়গার অভাবে কমপ্লেক্স নির্মাণে কিছুটা বিলম্ব হয়।
মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি জেলা ও উপজেলায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছে সরকার। তিনতলা কমপ্লেক্স ভবনের নিচতলায় মার্কেট, প্রথমতলায় কমিউনিটি সেন্টার ও দ্বিতীয় তলায় অফিসকক্ষ থাকবে বলে জানালেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার খোরশেদ আলম।
সোমবার নিজস্ব জমিতে নামফলক লাগানোর সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহনেওয়াজ চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার হযরত আলীসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেন, ‘জমির অভাবে এতদিন কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়নি। এখন জমির ব্যবস্থা হয়েছে। আশা করছি খুব শিঘ্রই কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে।
