রাঙামাটির লংগদু সেনা জোন একুশ বীরের উদ্যোগে এলাকাবসীর বিনোদনের জন্য মাইনীমূখ আর্মি ক্যাম্পের পার্শ্বে বৈচিত্রে বিলাস নামের বিনোদন পার্কের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ পার্কের উদ্বোধন করেন লংগদু জোনের কমান্ডার লেঃ কর্ণেল এম এম শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জোন কমান্ডার লেঃ কর্ণেল এম এম শফিকুর রহমান বলেন, ‘প্রাকৃতিকভাবে অপার সম্ভাবনা থাকার পরও পর্যটন খাতে পিছিয়ে ছিল লংগদু। সাজেক, নীলগিরিতে শুধু পাহাড়, সেই পাহাড়কে কাজে লাগিয়ে পর্যটকদের ভ্রমনে সুযোগ তৈরি করা হয়েছে। আর আমাদের এই জায়গায় পাহাড় আর বিশাল লেক রয়েছে। ভ্রমণ পিপাসুদের জন্য একসাথে পাহাড় আর লেক ভ্রমনের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে এখানে রাত্রি যাপনের ব্যবস্থা রাখা হবে। আরো কিছু কাজ বাকি হয়েছে, সেগুলো শেষ হলেই লেকের পাশে জ্যোস্না বিলাস করা যাবে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেন, ‘আমি অল্প কয়েক দিন হলো এই উপজেলায় এসেছি। এসে সবকিছু দেখে মনে হলো এখানে বিনোদনের কিছু নেই। লংগদু জোন অত্র এলাকাবসীর জন্য বিনোদনের মাধ্যম সৃষ্টি করেছেন এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
বিনোদনের জন্য এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস্,রেস্তোরা,কটেজসহ আড্ডার সুব্যবস্থা করা হয়েছে। আছে মুক্ত মঞ্চ। মাঝে মধ্যেই এখানে বসবে গানের জলসা।
দুই শিশুকে নিয়ে বেড়াতে আসা স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বাবু বলেন ‘ এটা খুবই আনন্দের বিষয়, এমন একটি বিনোদন কেন্দ্র খুব প্রয়োজন ছিলো এখানে।পরিবারসহ সুন্দর সময় কাটানোর জন্য এর বিকল্প নেই।
নিউটন চাকমা বলেন, লংগদুবাসীর জন্য এমন আয়োজনের খুব প্রয়োজন ছিলো শিশুদের নিয়ে কোথাও যাওয়র জায়গা ছিলো না। এখন সময় কাটানোর জন্য অন্য কোথাও যেতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্টির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিশু কিশোর ও নারীদের ব্যাপক উপস্থিতি হয়েছে।
