লংগদু প্রতিনিধি ॥
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় বিশ^ সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা লংগদুতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও লাইব্রেরীর দায়িত্বে থাকা সহকারি শিক্ষকরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসা তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।
কর্মশালায় অতিথিরা বলেন, ২০১০ সাল থেকে বর্তমান সময়ে পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচি আরো বেশি প্রাসঙ্গিক। মুখস্থ বিদ্যা থেকে সরে আসবার জন্য এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বইপড়ার আগ্রহ বৃদ্ধির জন্য শিক্ষকদের অনেক বেশি ভূমিকা পালন করতে হবে।
পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির ব্যবস্থাপক আবু রেজুয়ান’র পরিচালনায় কর্মশালায় স্কিমভুক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকুল পরিবেশ তৈরী করা, তাদের বয়স ও মন-উপযোগী সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মান সম্পন্ন বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা, প্রতিষ্ঠান পর্যায়ে লাইব্রেরী স্থাপন, বই পড়ার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ ও পুরস্কার প্রদান করা, বইপড়ার পাশাপাশি দেয়ালিকা প্রকাশ ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা এবং অনলাইনে বইপড়া কার্যক্রম ও ডিজিটাল লাইব্রেরী তৈরী করার বিষয়ে আলোচনা হয়।
