পাহাড়ের প্রধান দৈনিক, ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র আয়োজনে মেধাবৃত্তি ২০১৮ এর বৃত্তিপ্রদান লংগদুতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। পত্রিকার সম্পাদক ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীর কুমার রায় বলেন, ‘ভবিষ্যতের মেধাবি নাগরিক নির্মাণে বৃত্তিপ্রদানের এমন আয়োজন শিশুদের মনকে অনেক বড় করে দিয়েছে। উপহার যাই হোক এটাই ওদের মেধা বিকাশে ভূমিকা রাখবে। আগামী দিনে শিশু কিশোরদের জন্য মেধা বিকাশের এমন আয়োজন অব্যহত রাখার আহ্বান করেন তিনি।’
সংবাদকর্মী আরমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু মডেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, পুলিশ কর্মকর্তা মনসুর মিয়া, মেধাবৃত্তি সংগঠক সাইফুল বিন হাসান প্রমূখ। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপজেলার মোট ২২জন মেধাবি শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড প্রদান করেন অতিথিবৃন্দ।
