বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ডানিডা, ইউএস-এইড ও ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের সাড়ে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ১কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ২ কেজি, হাতধোয়ার সাবান ২টি, সবজি বীজ ৭ প্রকার, স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ৪টি এবং সচেতনতামূলক পোস্টার ২টি।
রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম এবং এসআইডি-সিএইচটি’র উপজেলা ফ্যাসিলেটর ধীমান ত্রিপুরা উপস্থিত ছিলেন।
