আরমান খান, লংগদু ॥
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম লংগদু উপজেলায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে করোনা রোগী শনাক্ত বাড়ছে। গত ১০ দিনে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে মোট ২৫টি নমুনা পরীক্ষা করে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। সবশেষ বৃহস্পতিবার উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টের মাধ্যমে একজন আনসার সদস্যের করোনা শনাক্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ওই আনসার সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত ৭ জুন একজন সরকারি কর্মচারী এবং গত ১৫ জুন একজন প্রকৌশলীর করোনা শনাক্ত হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে লংগদুতে এখন পর্যন্ত মোট তিন জন ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া গত বছর মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল এ পাহাড়ি উপজেলায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভোকাল পার্সন তথাগত চাকমা বলেন, করোনার দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত লংগদুতে ২৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার এক ব্যাক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দীর্ঘ নয় মাস পর আবারো লংগদুতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী লংগদুতে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধিত হয়েছে মোট ৩২০৫ জন ব্যক্তি, যাদের মধ্যে দুটি ডোজ সম্পন্ন করেছেন ১৫৩৭ জন, আর ১ম ডোজ নিয়ে ২য় ডোজের অপেক্ষায় আছে আরো ২৫২৮ জন নিবন্ধিত ব্যক্তি। আর নিবন্ধন করার পরও ভ্যাকসিন নিতে আসেননি এমন ব্যাক্তি আছেন প্রায় সাত শতাধিক।
