পার্বত্য জেলা রাঙামাটির কোথাও রোহিঙ্গা কোন নাগরিকের উপস্থিতি জানা গেছে,তা তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কিংবা জেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক বলেন,‘ প্রিয় রাঙ্গামাটিবাসী,সাম্প্রদায়িক বন্ধন ও ভাতৃত্ববোধ রাঙ্গামাটি পার্বত্য জেলার দীর্ঘদিনের ঐতিহ্য। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে সংকটাপন্ন ও বিপর্যস্ত রোহিঙ্গাদের সব ধরণের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এই ইস্যুতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর। তৎপ্রেক্ষিতে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে রাঙ্গামাটির দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যাতে কোনভাবেই বিনষ্ট হতে না পারে সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে রাঙ্গামাটির কোন স্থানে রোহিঙ্গা উপস্থিতি লক্ষ্য করা গেলে বা খবর পাওয়া গেলে তাদের যথাযথ পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হল।’
জানা গেছে রাঙামাটিতে রোহিঙ্গা শরনার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুসরণ করে কাজ করছে রাঙামাটি জেলা প্রশাসন।
