নিজস্ব প্রতিবেদক ॥
রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। রবিবার রেড ক্রিসেন্ট কার্যালয়ে স্বেচ্ছাসেবকদের হাতে পরিচয়পত্র তুলে দেয়া হয়।
যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিটের যুবপ্রধান রানা দে এর সভাপতিত্বে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে যুব রেড ক্রিসেন্ট, রাঙমাটি জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের মাঝে পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান রফিক আহম্মেদ তালুকদার।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট কার্যক্রমের প্রাণ শক্তি হলো যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা। বর্তমানে রাঙামাটিতে জাতীয় সদর দপ্তরের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে পরিচালিত ০৩ টি প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে স্বেচ্ছাসেবকরা এবং রাঙামাটি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কোভিড-১৯ প্রতিরোধ ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিচয় পত্র প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি রানা দে বলেন, সরকারের সহযোগী সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট সর্বদা কাজ করে যাচ্ছে। রাঙামাটি জেলার ১০টি উপজেলার ৫২৬ জন সক্রিয় স্বেচ্ছাসেবকদের মাঝে পর্যায়ক্রমে পরিচয় পত্র বিতরণ করা হবে। তবে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে, এই পরিচয় পত্রের যাতে কোন ভাবেই অপব্যবহার না হয়। যদি কেউ অপব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
১ম পর্যায়ে ইউনিটের ২৫ জন যুব স্বেচ্ছাসেবকদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।
