মিশু মল্লিক
রাঙামাটির করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন যার বেশিরভাগই রাঙামাটি সদরের। এখনো পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত হলো আজ (রোববার)।
লকডাউন চলমান থাকলেও বেশ অনেকদিন যাবৎ রাঙামাটিতে করোনা রোগী শনাক্তের হার বেশ উর্দ্ধমুখী। গতকাল (শনিবার) ২৪ জুলাই ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের পজিটিভ আসে। সেই রেকর্ড ভেঙে রোববার (২৫ জুলাই) ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনকে পজিটিভ পাওয়া যায়, যা এই বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে রোববার সন্ধ্যায় দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জন পজিটিভ হয়েছে। যার মধ্যে সদরে ৪১ জন, কাপ্তাই উপজেলায় ৭ জন, রাজস্থলী উপজেলায় ২ জন, কাউখালী উপজেলায় ৬ জন, লংগদুতে ৩ জন, বাঘাইছড়ি ২ জন, বিলাইছড়িতে ২ জন এবং বরকলে ১ জন।
গত ৫ দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করেছে ৫৭৩ জন, এর মধ্যে পজিটিভ এসেছে ১৮১ জনের। রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪১৬ জন, সুস্থ হয়েছেন ১৯১৪ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২১ জন। সর্বশেষ মৃত্যু গত ২৩ জুলাই বিলাইছড়িতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৫ হাজার ৩০৪ জনের, যার মধ্যে নেগেটিভ এসেছে ১২ হাজার ৮৮৮ জনের।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন করোনা রোগী শনাক্তের হার যেভাবে বেড়ে চলেছে তা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের। জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৫১ শতাংশ। লকডাউন থাকা সত্ত্বেও অনেকে স্বাস্থ্যবিধি মেনে না চলায় শনাক্তের হার যথেষ্ট উর্দ্ধমুখী।
রাঙামাটিতে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪২ হাজার ৬৩২ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৯০৭ জন।
