বান্দরবানের রুমায় মাদক মামলার আসামী দুই সহোদর ভাই গনপিটুনিতে মারা গেছেন। স্থানীয়ভাবে তৈরি বন্দুক ও ধারালো অস্ত্র’দিয়ে পাড়াবাসীকে ভয়ভীতি দেখার কারণে ক্ষিপ্ত হয়ে পাড়াবাসি মঙ্গলবার’রাতে তাদের পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার দুর্গম রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সাংক্রাইতং-হ্লাচিং পাড়া এলাকায় নিষিদ্ধ পপি (আফিম) মাদকদ্রব্য মামলার আসামী দুই সহোদর ভাই মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে গাদা বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে পাড়ার মানুষজনদের ভয়ভীতি দেখান। ক্ষিপ্ত হয়ে পাড়াবাসীরা দুজন’কে আটক করে গনপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ক্যসুই থোয়াই মারমা (৩২) এবং থোয়াই বাঅং মারমা (৩৮)। নিহত দু’ভাই স্থানীয় বাসিন্দার থোয়াই হ্লাচিং মারমার পুত্র। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তবে দূর্গমতার কারণে তারা ঘটনাস্থলে পৌছাতে আরও সময় লাগবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার জানান, ঘটনাস্থল এলাকাটি রুমা সদর থেকে অনেকদূরে। খুবই দুর্গম এলাকা হওয়ায় নিহতদের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বুধবার খবর পেয়ে রুমা থানার পুলিশ ঘটনাস্থলের গেছেন। এখনো তারা থানায় পৌছায়নি।
নির্ভরযোগ্য সূত্রের দাবী, চট্টগ্রাম র্যাবের একটি টিম জানুয়ারী মাসের শেষদিকে রুমা উপজেলার সাংক্রাইতং-হ্লাচিং পাড়া এলাকায় মাদকদ্রব্য নিষিদ্ধ পপি (আফিম) বাগান ধংস করেছিল। নিহত দুজন মাদকদ্রব্য মামলার সঙ্গে জড়িত ছিলো বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। র্যাবের অভিযানে মাদক মামলায় নিহত দু’ভাই আসামি ছিল। নিষিদ্ধ মাদক ব্যবসা’কে কেন্দ্র করে বিরোধের জের ধরে পাড়াবাসী গণপিটুনি দিয়ে দুজনকে হত্যা করেছে।
