খাগড়াছড়ির রামগড় মাস্টার পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে বৌদ্ধধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদ্যাপিত হয়েছে। রামগড় ছাড়াও গুইমারা ও মানিকছড়ি উপজেলা থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তবৃন্দ এই উৎসবে অংশ গ্রহণ করেন।
তিন সহস্্রাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে সকাল ছয়টায় পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও ভিক্ষু সংঘের প্রাত:রাশ গ্রহণ, পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষু সংঘকে পিন্ডদান,চীবর দান উৎসর্গ, আলোচনা ও ধর্মীয় দেশনা, প্রদীপ পূজা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য।
চীবর দান অনুষ্ঠানে চট্টগ্রামের মিরসরাই মায়ামী সুদর্শন বিহারের অধ্যক্ষ প্রিয়নন্দ ভিক্ষু পৌরহিত্য করেন। এখানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ’র সভাপতি মংপ্রু চৌধুরী। অধ্যক্ষ প্রিয়নন্দ ভিক্ষু কঠিন চিবর দানের উদ্দেশ্য ও ধর্মীয় তাৎপর্য ভক্তবৃন্দের সামনে তুলে ধরে বক্তব্য দেন।
রামগড়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বৌদ্ধ বিহারে গিয়ে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠাই হোক শুভদিনের কামনা।
