জেলার রামগড়ের থলিবাড়ি এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৯) স্বামী সবির আহাম্মদ।
নিহতের বড় ভাই মনসুর আলম জানান, মঙ্গলবার দুপুর ১টার সময় তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে শিশু সন্তানের কান্নাকাটি নিয়ে ঝগড়া হয়। বোন তাঁর কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলে বোনকে বুঝিয়ে স্বামীর ঘরে পাঠান। এর দুই ঘন্টা পর বোনের বাড়ি থেকে চিৎকার শুনে এগিয়ে গেলে গলায় ওড়না জড়ানো বোনের দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। তিনি আরো জানান, দুই বছর আগে সবিরের সাথে তাঁর বোনের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের ইমন শাহ নামে একটি পুত্র সন্তান রয়েছে। তবে এর পূর্বেও তাঁর বোনের দুই বিবাহ হয়েছিল ঐ দুই সংসারের দুই পুত্র সন্তান রয়েছে বলে তিনি জানান। তাঁর অভিযোগ বোনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের ভাই বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের স্বামী পলাতক বলেও তিনি জানান।