সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাকে জাতীয় সংসদের পদ থেকে অপসারণের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বুধবার বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সচেতন জনতা।
‘সচেতন রামগড়বাসী’র ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা জাতীয় সংসদে দেওয়া এমপি বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহারপূর্বক ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন ও সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাঙ্গালী ছাত্র পরিষদ, নাগরিক পরিষদ ও অধিকার ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করা হয়।
রামগড় হাই প্লাজার সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুল মজিদের সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম কামাল, পৌর মেয়র কাজী শাহজাহান রিপন, ছাত্র নেতা মো. জলিল, রবিউল হোসেন, সাইফুল ইসলাম, ওসমান চিসতি মো. ইফনুছ, মোক্তাদির হোসেন, মাইন উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ইসরাত এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। উল্লেখ্য, গত ২৬, ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাসন্তী চাকমা সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের নিয়ে বক্তব্য দেন। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে পুরো পার্বত্য চট্টগ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
