খাগড়াছড়ির রামগড়ে ফের ভারী বর্ষণে পাহাড় ধস শুরু হয়েছে। টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের কারনে উপজেলার পাতাছড়া ইউনিয়নের কয়েকটি জায়গায় এই ধসের খবর পাওয়া গেছে।
রামগড়- খাগড়াছড়ি সড়কের নাকাপা এলাকায় রাস্তার মাটি সরে গিয়ে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জায়গাগুলিতে সর্তকতামূলক লাল পতাকা টাঙ্গিয়ে রাখে। এছাড়া নাকাপা-বেলছড়ি সড়কের কয়েকটি জায়গায় মাটি ধসে যায় ফলে যে কোন সময় সড়কগুলিতে যানচলাচল বন্ধ হওয়ার আশংকা রয়েছে। যৌথখামার-বাজার চৌধুরীপাড়া সড়কে পাহাড় ধস ও পাহাড়ী ঢলে রাস্তাটির মাটি সরে যাওয়ায় সড়কটিতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় জেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হলেও রামগড়ে এ ধরনের কোন প্রচার দেখা যাচ্ছেনা। সড়কগুলি জরুরীভাবে মেরামতের প্রয়োজন হলেও এর কোন উদ্যোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলতে রামগড় সড়ক ও জনপথ অফিসে গেলে অফিসটি তালাবদ্ধ পাওয়া যায়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, জেলায় ৫টি আশ্রয় কেন্দ্র গত বর্ষনে খোলা হয়েছিল। প্রয়োজন হলে আবার সে আশ্রয় কেন্দ্রগুলো ব্যবহার করার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হয়েছে।
রামগড়ে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে কয়েকশ পরিবার । রবিবার বিকাল থেকে ফের ভারী বর্ষণ চলছে। ফলে উপজেলার বিভিন্ন স্থানে আবার পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ জুন পাহাড় ধসে রামগড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান।