নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সেলিনা আখতার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে চার বছর মেয়াদের জন্য পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাম্মদ রোখসানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে চারবছরের জন্য এই নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০(১) ধারা অনুযারি তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. কাঞ্চন চাকমা নতুন ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যাডামের সাথে কথা হয়েছে। তিনি শীঘ্রই যোগদান করবেন বলে জানিয়েছেন।
