রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোয়ন (নৌকা প্রতীক) বঞ্চিত হওয়ায় তার কর্মী সমর্থকরা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার সকাল ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করে বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঞোমং মারমা।
জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কে সামনে রেখে রাঙামাটি জেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই করে তার তালিকা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় মনোয়ন বোর্ড বৈঠক করে রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিষয়টি চুড়ান্ত গত মঙ্গলবার বেলা ১২টায় তাদের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় বাঙ্গালহালিয়া ইউপি থেকে আওয়ামীলীগের দলীয় মনোয়ন প্রত্যাশী ঞোমং মারমা এর নাম না থাকায় কর্মী সমর্থকরা ক্ষোভে এসব কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে দলীয় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান) চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, ২০/২২ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনৈতিকের সাথে জড়িত। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন ধরনের কলঙ্কের দাগ পড়েনি। স্বচ্ছ রাজনীতি করে এলাকায় জনপ্রিয় হয়ে উঠায় ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোয়ন চেয়েছিলাম। রঙামাটি জেলা আওয়ামীলীগ আমার মনোনয়ন যাচাই বাছাই করে আমার নামের তালিকা ১নম্বরে স্থান দিয়ে কেন্দ্রের কাছে পাঠায়, কিন্তু আমি আজ কালো টাকার কাছে হেরে গিয়ে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগের দলীয় বঞ্চিত হলেও মানুষের ভালবাসা থেকে বঞ্চিত হইনি। যার প্রমাণ কোন ঘোষণা ছাড়াই আমার শতশত কর্মী সমর্থকরা বুধবার সকাল থেকে মানববন্ধন বিক্ষোভ সমাবেশের পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আমি দলীয় মনোনয়নে বঞ্চিত হলেও আমার ইউনিয়নের বাসিন্দাদের ভালবাসা ও সম্মান রক্ষার্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে যাবো। এনির্বাচনে জয়ী হয়ে নেত্রীর কাছে প্রমাণ করে দেব ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাসিন্দাদের কাছে কত জনপ্রিয় নেতা ছিলাম। সমাবেশ শেষে শতাধিক গাড়ি বহর নিয়ে নেতা কর্মীরা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রকাশ করে।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা বলেন, আমরা বায়োডাটা সংগ্রহ করে জেলায় প্রেরণ করেছি। জেলায় সেটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে প্রার্থী বাচাই করে। কিন্তু কি কারণে বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দলীয় মনোনয়ন বাতিল হয়ছে সেটা অবগত নই।
