করোনা ভাইরাসের সংক্রামন রুখতে শহরবাসিকে সচেতন করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে রাঙামাটি শহরে বুধবারও সক্রিয় ছিলো রাঙামাটি জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমান আদালত।
চারটি আদালতই শহরজুড়ে সারাদিনই মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করা,গাড়ীতে বাড়তি যাত্রী না নেয়া,নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ না করার বিষয়ে মানুষকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি বেশ কয়েকজনকে জরিমানাও করে।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ জানিয়েছেন, একটি অটোরিক্সায় ৮ জন যাত্রী পরিবহন করায় তাকে ৫০০ টাকা জরিমানা করেছি,মাস্ত পরিধান ছাড়া রাস্তায় বের হওয়ায় ৫ জন ব্যক্তিকে ১০০ টাকা করে ৫০০ টাকা পরিমান এবং ৩ টি দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রাখায় ১০০০ টাকা জরিমানা করেছি। একইসাথে সবাইকে সচেতন ও সতর্ক করে দিয়েছি ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে।
এদিকে রাঙামাটি শহরে বাড়তি দামে সেভলন বিক্রি করার অভিযোগে শ্যামা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে বুধবার ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসসের আরেকটি ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে পরিচালত আদালত এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানিয়েছেন, আমাদের কাছে অভিযোগ ছিলো প্রতিষ্ঠানটি দ্বিগুণ দামে সেভলন বিক্রি করছে। অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং সেখানে গিয়ে ঢাকায় কোম্পানীর সাথেও কথা বলি এবং জানতে পারি,নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে পণ্য বিক্রি করছে তারা। তাই তাদেরকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দিয়েছি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহানউদ্দিন মিঠুর পরিচালিত আরেকটি ভ্রাম্যমান আদালত শহরে পরিচালিত হয় বুধবার। তিনি জানিয়েছেন, আমরা বাস ও সিএনজিতে বাড়তি যাত্রী নিচ্ছে কিনা বিষয়টি খেয়াল করার চেষ্টা করেছি এবং সবাইকে সতর্ক করে দিয়েছি। মাস্ক না পড়ায় একজনকে ২০০ টাকা জরিমানা করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ঠিক সময়ে বন্ধ করছে কিনা সেই বিষয়টি মনিটর করেছি।’
এদিন রাঙামাটি জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ পরিচালিত আরেকটি মোবাইল কোর্টও শহরের বিভিন্নস্থানে মানুষকে মাস্ক পরিধান,স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মানুষকে সচেতন করার কাজ করেছে।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রতিদিন সকাল ও বিকালে ২ টি করে চারটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি আমরা। রাঙামাটিবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সতর্ক-সচেতন করার জন্যই আমরা কাজ করছি।
