নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শহরের তবলছড়িতে রান্নাঘরে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ জন মালিকের ১৬ টি ঘর, যাতে বসবাস করত অন্তত ১৬ টি পরিবার।
শুক্রবার বিকাশ পাঁচটায় তবলছড়ির পশ্চিম ওমদামিয়া পাহাড় এলাকায় জনৈক জয়নাল এর বাসার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরনবী।
নুরনবী জানিয়েছেন, ‘সন্ধ্যার আগমুহুর্তে এই অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার সাথে সাথেই স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা দ্রুতই এসে যায় এবং তাদের প্রানান্ত চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এসব বসতঘরে বসবাস করত প্রায় ১৫/২০ টি পরিবার। ’
রাঙামাটি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসাইন জানিয়েছেন, আমরা ৫.২০ মিনিটে খবর পেয়ে রওনা হই এবং দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে ৫ জন মালিকের প্রায় ১৬ টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি।’
বিল্লাল জানিয়েছেন, একজনের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের তথ্য জেনেছি আমরা। সেখানে সৃষ্ট আগুন ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটে।’
