রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় হোটেল আল-হেলাল নামে একটি আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের দক্ষিণ ফরেস্ট কলোনী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, পারিবারিক কলহের কারণে গত বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নিজ বাসা থেকে অভিমান করে বের হয়ে যায় হালিম। পরে সে শহরের ফরেস্ট কলোনী এলাকার বাসিন্দা পরিচয়ে হোটেলটির ১০২ নাম্বার রুমটি ভাড়া নেয়। শনিবার সকালের দিকে ওই রুমের দরজা ভেঙে হালিমের দেহ ঝুলন্ত দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত যুবক নিজের পরনের প্যান্টের বেল্ড দিয়ে রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’