নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি, মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবী মামলা ও বিএনপি অফিসে জবর দখলের প্রতিবাদে সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। মঙ্গলবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজম ।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দেখে ভয় পেয়ে ৭ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে নগ্নভাবে পুলিশ ও তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমলা চালিয়েছে। এতেও তারা ক্ষান্ত হয়নি, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রিহুল করীর রিজভীসহ বহু নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
বক্তারা আরো বলেন, আওয়াামীলীগ ভেবেছিল নেতাকর্মীদের গ্রেফতার করলেই বিএনপি আর সমাবেশ করতে পারবে না। এতো কিছু করার পরও কি আপনারা সমাবেশ বন্ধ করতে পেরেছেন? পারেননি। দেশের সাধারণ জনগণ সমাবেশ সফল করেছে।
বক্তারা আরো বলেন, বিএনপিকে কেন এতো ভয় পান, তার আমরা জানি। দেশের সাধারণ মানুষ বিএনপির সাথে একাট্টা হয়েছে। আপনাদের দুর্নীতি অপশাসন থেকে জনগণ মুক্তি চায়। লুটপাটের হিসাব চায়। গুম, হত্যার বিচার চায়। তাই আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। আমাদের যে ১০ দফা কর্মসূচি ঘোষণা কার হয়েছে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেয়া হবে। বিএনপির নেতাকর্মীরা এখন মামলা হামলায় ভয় পায় না।
এভাবেই অন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহবান জানানো হয়।
