হেফাজত সবুজ/জিয়াউল জিয়া
রাঙামাটি জেলা বিএনপির বহুল ‘প্রতীক্ষিত কমিটি’তে ‘কাঙ্খিত ঠাঁই’ না পেয়ে ক্ষুদ্ধ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা তাৎক্ষণিক অবস্থান নেন রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়। রোববার সন্ধ্যায় হৈচৈ, চিৎকার, চেঁচামেচির পর সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচীর ঘোষণা দিয়ে রাতে বাড়ি ফিরেছেন আপাতত তারা।
রবিবার রাঙামাটি জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে ঘিরে অসন্তোষ জেলা মহিলা দলের শীর্ষ নেত্রীদের। সম্মেলনের ৮ মাস পর রবিবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটির ঘোষণার পর শহরের কাঠালতলীয় দলীয় কার্যালয়ে অবস্থান জেলা মহিলা দলের নেত্রীরা।
এদের মধ্যে ছিলেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুল, সাধারণ সম্পাদক ছালেহা আক্তার, যুগ্ম সম্পাদক মরিয়ম বেগম ও সহ-সাংগঠনিক সম্পাদক রোজি আক্তার।
এসময় জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মতে জেলা বিএনপি’র কমিটিতে ত্যাগীদের রাখার জন্য বলা বলেও সেখানে বিগত সময়ে যারা দলের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। এর বিরুদ্ধে রুখে দাঁড়াব আমরা।’
সাধারণ সম্পাদক ছালেহা আক্তার বলেন, প্রত্যেক অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে জেলা বিএনপি কমিটির অন্তর্ভূক্ত করা হলেও শুধুমাত্র মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদক রাখা হয়নি। আমরা এই কমিটি মানি না। আগামীকাল সোমবার সকালে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচী পালন করব।
এই বিষয়ে জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন’র মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাদের দুজনেরই ফোন বন্ধ পাওয়া যায়। তবে এই বিষয়ে কথা বলতে অপারগতা জানিয়েছেন দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল
প্রসঙ্গত, দীপন তালুকদার দীপুকে সভাপতি এবং মামুনুর রশীদ মামুনকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আটমাস আগে কাউন্সিলে ভোটের মাধ্যমে শীর্ষ তিন নেতা নির্বাচিত হলেও, ১২ মার্চ, রবিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
