রাঙামাটির বিভাগীয় বন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে দুদকের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। এ সময় দুদক কর্মকর্তারা সুনিদিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন।
এদিন দুপুরে দুদক কর্মকর্তারা বিভাগীয় বন কার্যালয়ের সবকটি সেক্টরে অভিযান পরিচালনা করেন। অভিযানের মধ্যে বিশেষ করে, সরকারি রিজার্ভ ফরেস্টের গাছ বিক্রি, জোট পারফিটের গাছ বিক্রি ও সরকারের রাজস্ব থেকে অধিক টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত করেন।
দুদকের রাঙামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা সুনিদিষ্ট কয়েকটি অভিযোগের বিষয়ে তদন্ত করেছি। বিশেষ করে সরকারি রিজার্ভ ফরেস্টের গাছ বিক্রি, জোট পারমিটের রিজার্ভ ফরেস্টের গাছ বিক্রি, ঠিকাদারের কাছ থেকে সরকারি রাজস্ব আদায়ের চেয়ে অধিক টাকা আদায়ের বিষয়ে।’
এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা বলেন, ‘সুনিদিষ্ট অভিযোগ পেয়েই এই অভিযান করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে। তদন্তে ত্রুটি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
