রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে গঠিত জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা রবিবার ১২.৩০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই কমিটির সদস্য সচিব- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙামাটির উপমহাপরিদর্শক মো: মোজাম্মেল হোসেন শিশুশ্রম নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ, প্রকল্প, আইন-বিধি, নীতিমালা, ২০২৫ সালের মধ্যে সারাদেশ থেকে শিশুশ্রম নিরসনে সরকারের লক্ষ্য ইত্যাদি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন- “রাঙামাটি থেকে শিশুশ্রম নিরসন করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” সভায় শ্রমে নিয়োজিত শিশুদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে অভিভাবক ও নিয়োগকারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, সারাদেশ থেকে শিশুশ্রম নিরসনে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি কাজ করছে।
