এবার পাল্টাপাল্টি বিবৃতিতে পরস্পরের সাংগঠনিক পদ স্থগিত করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগের দুইটি পৃথক অংশ। দুপুরে সংবাদ সম্মেলন করে বর্তমান কমিটির সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে সাইফুল আলম রাশেদ কে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ ও মঈনুদ্দিন শাকিলকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঘোষণা করে ছাত্রলীগের একাংশ।
এই ঘটনার পর বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি সুজন ও সম্পাদক প্রকাশের সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ঘোষিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রাশেদ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন শাকিল,যুগ্ম সাধারন সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা এবং সহসভাপতি রূপন দাশ এর সাংগঠনিক পদ স্থগিত করার কথা জানিয়েছেন ‘অবাঞ্চিত’ ঘোষিত সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা। ওই সংবাদ বিজ্ঞপ্তির সাথে চার ছাত্রলীগ নেতার ছবিও যুক্ত করে দেয়া হয় !
এরপরই সন্ধ্যায় পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে ঘোষিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঈনুদ্দিন শাকিল। এই বিবৃতিতে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে সভাপতি আব্দুল জব্বার সুজন এবং সাধারন সম্পাদক প্রকাশ চাকমার সদস্যপদ স্থগিত ঘোষণা করে ‘ভবিষ্যতে তাদের যেকোন সামাজিক,অনৈতিক এবং সংগঠন পরিপন্থী কর্মকান্ডের দায়ভার রাঙামাটি জেলা শাখা বহন করবে না।’
