নিজস্ব প্রতিবেদক
নতুন কমিটির প্রথম সভাতেই সবাইকে চমকে দিয়ে ‘ইতোপূর্বে দল থেকে অব্যাহতি পাওয়া সকল নেতাকর্মীদের অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেয়া’র ঘোষণা দিলেন পাহাড়ে আওয়ামীলীগের অভিভাবকখ্যাত,রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তবে অব্যাহতি প্রত্যাহার করা হলেও স্বপদে ফেরার সুযোগ পাবেন না তারা,থাকতে হলে দলীয় কর্মী হিসেবেই এমন শর্তও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
একইসাথে যারা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদকমন্ডলীতে অন্তর্ভূক্ত হয়েছেন এমন কেউ যদি উপজেলা আওয়ামী লীগ কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বে থাকেন, তাদের আজকের (রবিবার) মধ্যে পদত্যাগপত্র দলীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
রবিবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শহরের দলীয় কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন দীপংকর তালুকদার এমপি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ জেলা কমিটির নেতারা। এসময় দীপংকর সকলের নাম ঘোষণার মাধ্যমে পরিচয় করিয়ে দেন।
পরিচয়পর্ব শেষে তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে যারা নির্বাচন করেছেন,তাদের দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। সেই সকল দলীয় নেতাকর্মীদের অব্যাহতি প্রত্যাহার করা হয়। তবে তারা দলীয় আগের পদে থাকবেন না। শুধুমাত্র দলীয় কর্মী হিসেবে থাকবেন তারা ।
