করোনা উপসর্গ নিয়ে রাঙামাটি শহরে মারা গেলেন আশীষ দাশ নামের এক ব্যক্তি। তিনি শহরের পূর্ব ট্রাইবেল আদাম এলাকার বাসিন্দা।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, চম্পকনগরের আইসোলেশনে ভর্তি ছিলেন আশীষ দাশ। করোনার উপসর্গ ছিলো তার। বুধবার দুপুরে তার নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু দুপুর তিনটার দিকে মারা যান তিনি।
ডা: মোস্তফা কামাল জানিয়েছেন,করোনায় সৎকার ও দাফনের সরকারি বিধি মেনেই তাকে সৎকার করা হবে।
এর আগে মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের তবলছড়িতে সুরত আলী নামের এক আওয়ামীলীগ কর্মী এবং লংগদু উপজেলায় অনিল দাশ নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এনিয়ে গত চব্বিশ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ জন মারা গেলেন।
এর আগে করোনায় মারা গেছেন ৬ জন। রাঙামাটিতে করোনা রোগি হিসেবে মোট শনাক্ত হয়েছেন ২৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৪ জন। সবচে বেশি ১৭৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে রাঙামাটি শহরেই। এখন পর্যন্ত জেলায় সবচে কমসংক্রমন হওয়া উপজেলা হলো বরকল,সেখানে মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ ১ জুলাই বুধবার সিভাসু থেকে আসা রিপোর্টে জেলায় নতুন করে ৩১ জনের শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে,যার ১৯ জনই রাঙামাটি শহরের। বাকিদের মধ্যে ৯ জন কাপ্তাই, ২ জন কাউখালী এবং ১ জন বিলাইছড়ি উপজেলার।
