কভিড-১৯ করোনা ভাইরাস সংকট শুরু হওয়ার পর সারাবিশ্বের মতো বিপাকে বাংলাদেশও। শুক্রবার পর্যন্ত বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮৩৮ জন,সুস্থ হয়েছেন ৫৮ জন এবং মারা গেছেন ৭৫ জন। এদিন পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৬০ হাজার ১৭০ জন,সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৪৯ হাজার ৯৯৬ জন এবং মারা গেছেন ১ লক্ষ ৪৫ হাজার ৫৯৩ জন।
পার্বত্য জেলা রাঙামাটিতে শুক্রবার বিকাল পর্যন্ত কোন করোনা রোগি পাওয়া যায়নি। এই যাবৎ ৯৫ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে শুক্রবার বিকেল অবধি ৬১ জনের রিপোর্ট এসেছে,যার সবাই নেগেটিভ। বাকী রিপোর্টগুলো আগামী ২/১ দিনের মধ্যেই আসবে বলে আশা প্রকাশ করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইনচার্জ ডা: মোস্তফা কামাল।
এদিকে রাঙামাটি সদর হাসপাতালে গত রবিবার আইসোলেশনে ১ জনের মৃত্যু হয়। পরে তার রিপোর্ট আসে নেগেটিভ। এর মধ্যে শুক্রবার বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা আরেকজনের মৃত্যু হয় এবং একদিন আকস্মিকভাবে রাজস্থলীতে মারা যান আরেক গার্মেন্টস ফেরত কর্মী। এদের দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টও আগামী ২/১ দিনের মধ্যে আসবে বলে জানা গেছে। এছাড়া রাজস্থলীতে আইসোলেশনে রাখা আরেকজনের রিপোর্ট নেগেটিভ আসায় গত তিনদিন আগে তাকে ছেড়ে দেয়া হয়।
ডা: মোস্তফা কামাল জানিয়েছেন,সন্দেহভাজন যে কারো নমুনাই আমরা সংগ্রহ করছি এবং পরীক্ষার জন্য পাঠাচ্ছি। আমাদের জন্য ভালো খবর হচ্ছে,এখনো এই জেলায় করোনা রোগি পাওয়া যায়নি। তবুও আমরা জেলাবাসিকে অনুরোধ করব সামাজিক দুরত্ব মেনে চলা এবং বাসায় অবস্থান করার জন্য।
