শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে এবং নামাজ পড়তে আসা মুসুল্লিদের শরীরে জীবানুনাশক স্প্রে ছিটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন উপজেলায়ও এ কর্মসূচী পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। 
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এর নির্দেশে এই কর্মসূচী পালিত হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা সভাপতি ফারুক আহমেদ সাব্বির জানিয়েছেন- শুক্রবার চট্রগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় মসজিদ প্রাঙ্গনে জুমার নামাজের আগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। 
সাব্বির জানান, ‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রতিটি মসজিদে ছাত্রদলের পক্ষ হতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয় ও স্যাভলন পানি দিয়ে হাত ধোয়ানো হয়। রাঙামাটি জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে ছাত্রদল নেতাকর্মীরা এই কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করেছে।’
রাঙামাটি শহরের বনরূপা,কাঠালতলি,রিজার্ভবাজার,ভেদভেদী,সহ প্রায় সকল মসজিদে এবং বিভিন্ন উপজেলার মসজিদে এ কর্মসূচী পালিত হয়েছে বলেও জানান সাব্বির। 
