আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং পার্বত্য রাঙামাটি আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্য ১০ প্রার্থীরূ মনোনয়ন বৈধ রয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন, অমর কুমার দে ও আশীষ দাশ গুপ্ত। তাদের দুই জনেরই মনোনয়ন পত্রের সাথে ভোটারের স্বাক্ষর প্রদানের হার নির্ধারিত সংখ্যার চেয়ে কম হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, ‘স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন পত্রে ভুল থাকায় মনোনয়ন বাতিল করা হয়। তবে বাকি দশ প্রার্থীর মনোনয়ন বৈধ।’
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, আজ রোববার থেকে আগামী তিনদিন পর্যন্ত মনোনয়ন বাতিল প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।
মনোনয়ন বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী মধ্যে অমর কুমার দে জানিয়েছেন তিনি নির্বাচন কমিশন বরাবর আপিল করবেন। তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাননি আরেক প্রার্থী আশীষ দাশ গুপ্ত।
