পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা ভাইরাস ক্রাইসিসের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১১৫ জনকে। এদের মধ্যে শনিবার রাত পর্যন্ত ছিলেন ৮২ জন এবং রবিবার নতুন করে যোগ হয়েছেন আরো ৩৩ জন। তবে এদের মধ্যে ১০ জনের এদিনই হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোস্তফা কামাল।
হোম কোয়ারেন্টিনে থাকা ১১৫ জনের সকলেই বিদেশ ফেরত ও তাদের স্বজন বলেও জানিয়েছেন তিনি। তবে রবিবার হোম কোয়ারেন্টিনে পাঠানো নতুন ৩৩ জনের সকলেই বিদেশ ফেরত বলেও নিশ্চিত করেছেন এই চিকিৎসক।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমিগ্রেশন বিভাগ থেকে ২৬৩ জন বিদেশ ফেরত এই জেলায় ফেরার তথ্য পাওয়া গেছে।
এদিকে শহরের ও উপজেলাগুলোর দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মাঠে কাজ করছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
