সাইফুল হাসান ॥
রাঙামাটিতে অবস্থিত তফসিলী ব্যাংকসমুহের উদ্যোগে রাঙামাটিতে কটেজ, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রামের অঞ্চলিক প্রধান মো. জাকির হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক রাঙামাটি প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুন নবী, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াদুদ, উইমেন্স চেম্বার অব কমার্স’র সভানেত্রী মনোয়ারা বেগম। সভায় অন্যদের মধ্যে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সেক্টরের উদ্যোগক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদ মওকুফ এবং সহজ শর্তে ঋণ পাওয়ার দাবি জানান। এ ছাড়াও পার্বত্য জেলা সমুহে ভূমির জটিলতা মাথায় রেখে ব্যাংক ঋণে ব্যাংকগুলোর শর্ত শিথিল করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার নিরিখে ব্যাংক ঋণের ক্ষেত্রে শর্ত শিথিলের উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় অনেক সম্ভাবনাময় জিনিস রয়েছে এগুলোকে কাজে লাগিয়ে সুষম উন্নয়ন যাতে করা যায় তার জন্য সহজ সুদে ঋণ প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত শিথিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।
