পার্বত্য জেলা রাঙামাটিতে বুধবার রাতে আরো ১৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রাতে আসা ৬৬ জনের রিপোর্টের মধ্যে ১৮ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে নানিয়ারচর,কাউখালী এবং কাপ্তাই উপজেলার ১ জন করে তিনজন এবং রাঙামাটি শহরের বাকি ১৫ জন। আক্রান্তদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য,১ জন পল্লী চিকিৎসকও আছেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে হলো ১৪৬ জন। এর আগে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে তিন দফায় আরো ২৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছিলো।
এনিয়ে জেলায় শনাক্ত হওয়া ১৪৬ করোনা রোগির মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
ডা: মোস্তফা জানিয়েছেন, বুধবার রাতে আসা রিপোর্টে আক্রান্তদের মধ্যে যারা আছেন তারা হলেন, ভেদভেদীতে ১জন,কলেজগেইটে ১ জন,রিজার্ভবাজার ২জন,আলম ডক ইয়ার্ড ১জন,বনরূপায় ১ জন, রাজমনি পাড়ায় ১ জন, ডিএফও বাংলো ১ জন,সুখী নীলগঞ্জ ১ জন,পুরাতন পুলিশ লাইন ৪ জন,তবলছড়িতে ১ জন, নানিয়ারচর ১ জন, কাপ্তাই ১ জন এবং কাউখালীতে ১ জন।
