সাইফুল হাসান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা যুব দলের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বণার্ঢ্য শোভাযাত্রা নিউ কোর্ট বিল্ডিং হতে শুরু করে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক উপ-সম্পাদক দীপেন দেওয়ান। প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন প্রমূখ। সভার সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ অবৈধ সরকার দুর্নীতি করতে করতে দেশকে দেউলিয়া করে দিয়েছে। তাই তারা এখন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশের মানুষের সাথে লুকোচুরি খেলছে। যেনো মনে হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশেই পড়েছে।
বক্তারা আরও বলেন, সারা দেশে যে ভাবে বিএনপির বিভাগীয় জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে তা দেখে সরকারের চোখে ঘুম নেই। তারা এবার আর ভোট চুরি করতে পারবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।
