নিজস্ব প্রতিবেদক
বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমার শুভ এ দিনটি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে রাঙামাটিকে উদযাপন করেছে। শনিবার সকালে রাঙামাটি রাজ বনবিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
রাজ বন বিহারের মাঠে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাজ বনবিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে শতশত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। এর আগে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, মধু দান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধ পূজাসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়।
বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন। বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমাও বলে থাকেন।
