রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি পাহাড়ের ঢালে নিয়ন্ত্রন হারিয়ে ‘দ্রতযান সার্ভিস’ এর একটি যাত্রীবাহি বাস উল্টে গিয়ে ১ জন নিহত এবং অন্তত: ৩২ জন আহত হয়েছেন। নিহত নারীর নাম তপনী বেগম (২৫)। তার গ্রামের বাড়ি কুমিল্লার মিরপুর এলাকার। আহতদের দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম জানিয়েছেন, বেলা সোয়া একটায় রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান সার্ভিসের বাসটি মানিকছড়ি পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে এই দূর্ঘটনাটি ঘটে। গাড়ীর চালক ও হেলপার নিরাপদে আছে বলেও জানিয়েছেন তিনি।
গাড়ীর আহত যাত্রী লালু চাকমা জানিয়েছেন, দ্রুতবেগে নামার সময় বাসটি মানিকছড়ি ঢালের বাঁক ঘোরারকালে পাহাড়ে আঘাত খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান তপনী বেগম।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে গাড়ীটি দ্রুতবেগে নামার কারণেই নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেছে। গাড়ীটি চালক নাকি হেলপার চালাচ্ছিলো যাত্রীদের এমন অভিযোগ আমরা খতিয়ে দেখব।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানিয়েছেন, আমাদের হাসপাতালে সর্বমোট ৩৩ জনকে আনা হয়েছে, এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন,বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং ১৫ জন ভর্তি আছেন। ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
