রিকোর্স চাকমা
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব, যা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট এটি দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়।
এবারে বিপুল উৎসাহ-উদ্দীপনা নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা।
রবিবার (৯ অক্টোবর) রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান,হাজার প্রদীপ দান, তাবতিংশ পূজা, উৎসর্গ, ক্ষমা প্রার্থনা ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনা সহ নানা দানকার্য সম্পাদন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাঙামাটি রাজবন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।
উল্লেখ, তিন মাস বর্ষাবাস (উপোসথ) পালন করার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রচলিত আছে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে আকাশে উড়ানো হয় শত শত ফানুস। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।
