প্রতি বছরের ন্যায় এই বছর ও দুর্গা পূজার প্রস্তুতি নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভাগীয় যুগ্ম সম্পাদক শ্যামল পালিত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত।
অতিথিরা বলেন, কারো রাজনৈতিক অভিলাষ মিটানোর জন্য পূজা উদযাপন পরিষদ নয়। যারা পূজা উদযাপন পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াছেন তারা কুপমুন্ডুক। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তার নিজস্ব গঠনতন্ত্র অনুসারে চলে কারো ইচ্ছায় নয়। এছাড়া তারা দুর্গা পূজার পর ডিসেম্বর মাসের মধ্যে সকল রাঙামাটির সকল উপজেলার সম্মেলন শেষ করে জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন দেয়ার নির্দেশ দেন বর্তমান জেলা কমিটিকে।
বর্ধিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্যের পরিচালনায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শিবু প্রসাদ মিশ্র। জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, সনাতন যুব পরিষদ শহর কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা। সনাতন ছাত্র সংসদের সহ সভাপতি রাজু চৌধুরী, সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক অজিত শীল, জুরাছড়ি, বাঘাইছড়ি উপজেলা পূজা কমিটির প্রতিনিধি, শংকর মিশন, তবলছড়ি রক্ষা কালি মন্দির, পৌর কলোনী নারায়ণ মন্দির, গৌর নিতাই আশ্রম, লোকনাথ ব্রহ্মচারি যোগাশ্রম, শিব মন্দিরসহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভা দুর্গা পূজায় সকল মন্ডপের সহযোগিতা করার জন্য মনিটরিং সেল গঠন করা হয়।
