নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর মোদ্দাছ্ছের হোসেন। শুক্রবার তিনি বিদায়ী পুলিশ সুপার থেকে দায়িত্ব বুঝে নেন। মীর মোদ্দাছছের হোসেন মো. আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব বুঝে নেয়ার পর বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এএসএফ) রনজিত কুমার পালিত, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী।
দায়িত্ব গ্রহণের পর বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর কবির রাঙামাটি ত্যাগ করেন। এসময় তাঁকে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে বসিয়ে সামনের দুই পাশের রশি ধরে রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা টেনে পুলিশ সুপারের কার্যালয় থেকে গেইট পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে বিদায় জানান পুলিশ সদস্যরা। মো. আলমগীর কবির ৩৩ মাস আগে দায়িত্ব গ্রহণের পর রাঙামাটি পলওয়েল পার্ককে সুসজ্জিত ও নতুন মাত্রা দেন। তাঁর এমন সৃজনশীল চিন্তাভাবনায় পার্কটি দেশ-বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণের সক্ষম হয়। এতে এই পার্কে প্রতিদিন কয়েক হাজার পর্যটক ভ্রমণ করেন। পলওয়েল পার্ককে নতুন মাত্রায় দেয়ায় রাঙামাটি মানুষও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে।
