২১ আগস্ট আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়কে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হয়।
জেলা বিএনপি’র সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদারের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ভোটারবিহীন অবৈধ সরকার একের পর এক মামলা দিয়ে ভোটের মাঠ ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে। এই হীন চক্রান্তকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এই দমন পীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই দমন পীড়নের জবাব দেওয়া হবে।
