নিজস্ব প্রতিবেদক ॥
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে রাঙামাটিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জিমনেশিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম নিজামী। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, সিভিল সার্জন ডা. বিপাশ খীসাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বর্তমানে কেউ অনহারে-অর্ধাহারে নেই। সকল দিকে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আগামীতে বাংলাদেশ আর কারো কাছে নত হবে না।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দেশের উন্নয়নের সব সূচকেই বাংলাদেশ এগিয়েছে।
আলোচনা সভা শেষে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
