রাঙামাটি হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকলীগ সভাপতি আজাহার হাওলাদারকে মারধরের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বনরূপাস্থ রাঙামাটি হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকলীগ অফিসে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার সূত্রপাত সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকলীগ সভাপতি আজাহার হাওলাদার মেজবান হোটেলের বাবুর্চি। শুক্রবার বিকালে বাবুর্চির পরিচিত একজন লোক মেজবান হোটেলে ভাত খাওয়ার জন্য গেলে বাবুর্চি এসে ‘তরকারি বাসি এগুলো দিয়ে ভাত খাবেন না’ এমন মন্তব্য করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বাবুর্চি ও মালিক পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিক পক্ষের লোকজন সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকলীগ অফিসে ঢুকে বাবুর্চি আজাহারকে মারধর করে। এসময় তারা অফিসের আসবাবপত্রসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
পরে স্থানীয় লোকজন বাবুর্চি আজাহারকে উদ্ধার করে আহত অবস্থায় সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক জানান, এ ঘটনায় হোটেল মালিক শাহ আলম(৩০) এবং ভূট্টো(২৬) নামে ২জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
