সাইফুল বিন হাসান ॥
কভিড-১৯ মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি সভায় রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, ‘রাঙামাটিতে করোনা পরিস্থিতি উর্ধ্বগতি, গতকালের থেকে আজকে আরও বাড়বে বলে আশঙ্কা করছি। দ্রুতগতিতে লাফিয়ে লাফিয়ে যেনো করোনা সংক্রামণ বেড়ে চলেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা গত বছর যেভাবে সকলের সহযোগিতা নিয়ে কভিড-১৯ মোকাবেলা করেছি, ঠিক তেমনি ভাবে এবারও করোনা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে।
সিভিল সার্জন আরও জানান, সভা চলাকালীন সময় পর্যন্ত দুই স্থানের পরীক্ষার মধ্যে একটিতে সর্বশেষ ১৫ জন পরীক্ষা করেছে যার মধ্যে ৬ জনের করোনা পজেটিভ। তাই আশঙ্কা করা হচ্ছে বুধবার সংক্রমণের সংখ্যা গত মঙ্গলবারের তুলনায় বাড়বে। যেখানে মঙ্গলবার পজেটিভ ছিলো ১০ জনের। আরেকটি স্থানের রিপোর্ট এলে চুড়ান্ত ফলাফল জানা যাবে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা দাবি জানিয়ে সিভিল সার্জন সকলের প্রতি স্বাস্থ্যবিধি মানার উদাত্ত আহ্বান জানান।
জরুরি সভায় রাঙামাটির জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, পৌর কাউন্সিলর, বিভিন্ন গণপরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
