একদিন শনাক্ত বিরতির পর রাঙামাটিতে শনিবার আরও ১৪ জনের দেহে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন সকালে চট্টগ্রাম ভেটেনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব থেকে আসা ৪০টি নমুনা রিপোর্টের ১৪টি পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ১০টিই জেলা সদরের। বাকি শনাক্তদের মধ্যে কাপ্তাইয়ে ৩ ও নানিয়ারচর ১ জন।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, শনিবার সকালে সিভাসু ল্যাব থেকে রাঙামাটিতে ৪০টি রিপোর্ট এসেছে; যার ১৪টিই পজিটিভ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১০ জন ও নানিয়ারচর উপজেলার ১ ও কাপ্তাই উপজেলার ৩ জন রয়েছেন। এনিয়ে রাঙামাটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, ৬ মে দেশের সবশেষ জেলা হিসেবে রাঙামাটিতে প্রথম ধাপে চারজনের দেহে কভিড-১৯ শনাক্ত হয়। পরবর্তীতে এ সংখ্যা ক্রমান্বয়ে দাঁড়িয়েছে ৫৯০ জনে। তবে সবচেয়ে বেশি ৩৭৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে রাঙামাটি সদরেই। শনাক্তে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে কাপ্তাই, এ উপজেলায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় সবচেয়ে কম সংক্রমণ হওয়া উপজেলা হলো বরকল। এ উপজেলায় মাত্র ৪ জন করে করোনা শনাক্ত হয়েছে।
ইতোমধ্যে জেলায় ৩৯১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। এছাড়া করোনা পরীক্ষার জন্য এ পর্যন্ত রাঙামাটি থেকে মোট ২৮২৯টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ২৭২১টি, যার ৫৯০টিই পজিটিভ। এখনো অপেক্ষমান নমুনা রিপোর্টের সংখ্যা ১০৮।
