দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে শনিবার রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এদেশের আন্দোলন-সংগ্রামের গৌরবগাঁথা ঐতিহ্যের ধারক ও বাহক এ দলটির যাত্রা শুরু ১৯৪৯ সালের এই দিনে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জেলা আওয়ামীলীগের নিজ কার্যালয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মওলার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বিপুল ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া বেগমসহ আরো অনেকেই।
এতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জন্মলগ্ন থেকেই মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে, তখনই দেশে উন্নয়নের ছোঁয়া লাগে। স্বাধীনতার পর থেকে আওয়ামীলীগ দেশবাসীকে সাথে নিয়ে উন্নয়নের লক্ষে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদের মানুষ না খেয়ে থাকবে না। এদেশের মানুষের জন্য আওয়ামীলীগ সরকার আজীবন কাজ করে যাবে।
তারা আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করতে হলে তৃনমূল থেকে শুরু করে আমাদের কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।
