কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির ৩২১নং রাইখালী মৌজার হেডম্যান ও কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি উচিংথোয়াই চৌধুরী বাবলু সোমবার চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, হেডম্যান বাবলু দীর্ঘদিন যাবৎ লিভার, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সোমবার রাইখালীস্থ বাসায় তিনি গুরুতর অসুস্থবোধ করলে তার পরিবারের সদস্যরা তাকে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে আসলে সেখানেই বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।
হেডম্যান বাবলুর ছোট ভাই কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াই সা প্রু চৌধুরী রুবেল জানান, পরিবারের সদস্য এবং মৌজার হেডম্যান, কার্বারি ও মৌজাবাসীদের সঙ্গে পরামর্শ করে তার সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে দেখতে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীনসহ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিবর্গ।
