ভূমি বেদখল, হামলা, মামলা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে রঙ্গু মিয়া ও তাঁর সন্তানদের বিরুদ্ধে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে জেলার পানছড়ির আলীনগর এলাকার ভুক্তভোগি বাসিন্দারা। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে আলী নগর এলাকার নির্যাতিত পরিবারবর্গের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা মোঃ বাহাদুর মিয়া, মোঃ হাছান আলী, খুদেজা বেগম, ফিরোজা বেগম প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, খাগড়াছড়ি পানছড়ি উপজেলার আলী নগর এলাকার রঙ্গুু মিয়া ও তাঁর ৬ ছেলেদের ভূমি বেদখল, নির্যাতন, হামলা, মামলা ও বসত ঘরে অগ্নিসংযোগে অতিষ্ট হয়ে উঠেছে। ইতিমধ্যে অনেকে এলাকা ছেড়ে গেছে। অনেকে ভয়ে আসতে পারছেনা। হামলা-মামলার ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। মনোয়ারা বেগম নামে এক নারীকে এসিড নিক্ষেপের মত ঘটনা ঘটালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এদিকে পানছড়ি থানা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়।
সাংবাদিক সম্মেলন থেকে অবিলম্বে রঙ্গু মিয়া ও তাঁর সন্তানদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানানো হয়।
