তহিদ রুবেল, পানছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের লেন্ডিয়াপাড়ায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ কল্যাণ জ্যোতি চাকমা (২১) নামে একজনকে আটক করেছে। পানছড়ি-লোগাং যাওয়ার পথে, বড় ব্রীজের আগে পুকুর পাড়ের সামনে স্পীড ব্রেকার (লেন্ডিয়া পাড়া) এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এসময় রাষ্ট্র বিরোধী গুরুত্বপূর্ণ নথিপত্র, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, ১১ হাজার ২০ টাকা ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। অভিযানে আটক কল্যাণ জ্যোতি চাকমা (২১), আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর সদস্য বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, লেন্ডিয়াপাড়া এলাকায় অস্ত্রধারী লোকজন চাঁদাবাজি করছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযানে যায় যৌথবাহিনী। অভিযানে নামা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে, যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়৷ পরে সেখানে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কল্যাণ জ্যোতি চাকমাকে আটক করে যৌথবাহিনী। অপরাপররা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কল্যাণ জ্যোতি চাকমা-কে পানছড়ি সেনা জোনে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আইন অনুযায়ী মামলা দায়ের কাজ চলছে জানিয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন মুঠোফোনে বলেন, লেন্ডিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮-টার দিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরো কয়েক জায়গায় অভিযান চালাই। উন্নত চিকিৎসার জন্য আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
